বেঙ্গালুরুর স্বপ্নভঙ্গ, দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ মে ২০২৪ , ১১:৫৯ পিএম


রাজস্থান
ছবি : সংগৃহীত

চলতি আইপিএলের গ্রুপ পর্বে ৮ ম্যাচের সাতটিতে পরাজয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিদায়ের তালিকাতেই রেখেছিলেন ক্রীড়াপ্রেমীরা।  সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনে গল্প লিখে আইপিএলের প্লে-অফে ঠাঁই করে নিয়েছিল কোহলিরা। তবে ফাইনালের উঠার লড়াইয়ে জায়গা করে নেওয়া হলো না তাদের। এলিমিনেটর থেকেই বিদায় নিলো তারা। আর কোহলিদের ৪ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন জিইয়ে রাখল রাজস্থান।

বুধবার (২২ মে) আহমেদাবাদে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ তুলে বেঙ্গালুরু। দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন রজিত পাতিদার। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কোহলার-ক্যাডমোর। উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৪৬ রান। তবে পাওয়ার প্লে'র একদম শেষ দিকে ফার্গুসনের পারফেক্ট ইয়ার্কারে ২০ রানে কাটা পড়েন ক্যাডমোর।

এরপর তিনে নামা সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন ওপেনার জয়সওয়াল। তবে ব্যক্তিগত অর্ধশতকের কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। গ্রিনের বলে কার্তিকের মুঠোবন্দি হওয়ার আগে ৮ বাউন্ডারিতে ৪৪ রানের ইনিংস সাজান এই ওপেনার।

চতুর্থ উইকেট জুটিতে দলীয় ১০০ পেরোনোর আগেই সাজঘরে ফেরেন স্যামসন। ফেরার আগে এক ছক্কায় ১৩ বলে ১৭ রানের ইনিংস উপহার দেন রাজস্থান দলপতি। 

এরপর বিরাট কোহলির দুর্দান্ত থ্রোয়ে রান-আউটের ফাঁদে পড়েন ধ্রুব জুরেল। ফেরার আগে এক বাউন্ডারিতে ৮ বলে তার ব্যাট থেকে আসে ৮ রান।

পঞ্চম উইকেট জুটিতে রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে দলীয় বিপর্যয় সামাল দেন ইমপ্যাক্ট-সাব হিসেবে মাঠে নামা সিমরান হেটমায়ার। এই জুটিতেই ফাইনালে উঠার লড়াইয়ের স্বপ্ন বুনে রাজস্থান। 

শেষ পর্যন্ত রিয়ান পরাগের ২৬ বলে ৩৬, হেটমায়ারের ১৪ বলে ২৬ এবং রোভম্যানের ১ ছক্কা ও ২ চারে ৮ বলে ১৬ রানের ক্যামিওতে ৬ বল আর ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ইনিংসের প্রথম তিন ওভারে কোনোভাবেই চিরচেনা মেজাজে ব্যাটিংয়ের সুযোগ পাননি বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। ট্রেন্ট বোল্টের আঁটসাঁট বোলিংয়ে তিন ওভার শেষে দলটির পুঁজি দাঁড়ায় মাত্র ১৭ রান।

পাওয়ার প্লে'র শেষ দিকে ঝোড়ো ইনিংসের আভাস দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ফাফ ডু প্লেসিস। ইনিংসের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের চতুর্থ ডেলিভারিতে মিড উইকেট খেলতে গিয়ে রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে বেঙ্গালুরুর অধিনায়কের ব্যাট থেকে আসে ১৭ রান।

এরপর ক্যামরুন গ্রিনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কোহলি। তবে যুবেন্দ্র চাহালের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে ২৪ বলে ৩৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ভারতীয় এই ব্যাটিং দানব।

চতুর্থ উইকেট জুটিতে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মারতে গিয়ে রোভমান পাওয়েলের হাতে ধরা পড়েন গ্রিন (২৭)। এরপর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর চাপের মুখে বড় শট খেলতে গিয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল।

এরপর চাপ সামলে বেশ ভালোই খেলছিলেন পাতিদার। তবে আবেশ খানের বলে বড় শট খেলতে গিয়ে ৩৪ রানে আউট হন তিনি।

শেষ পর্যন্ত মহিপাল লোমরোরের ১৭ বলের হার না মানা ৩২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি পায় বেঙ্গালুরু।

রাজস্থানের হয়ে তিনটি উইকেট শিকার করেন আবেশ খান। এ ছাড়া অশ্বিন দুটি এবং ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যুবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission